মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয় থেকে লাল স্কচটেপ মোড়ানো দু’টি হাতবোমা উদ্ধার করাছে পুলিশ। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
রোববার সকাল ৯টায় গাংনী উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার ফ্লোর থেকে বোমা দু’টি উদ্ধার করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা ফৌজিয়া আক্তার জানান, সকালে স্কুল খোলার পর শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসে যাওয়ার সময় লাল স্কচটেপ মোড়ানো দু’টি বোমা দেখতে পায়। পরে এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
তবে কে বা কারা কী উদ্দেশে বোমা সদৃশ বস্তু দু’টি রেখে গেছে তা জানাতে পারেননি তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, বোমা দু’টি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।