আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২টি কক্ষ ভস্মীভূত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগদান করে। আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কলোনির ৩০টি কক্ষ ও দু’টি দোকানপাট সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পানি সঙ্কট থাকার কারণে আগুন নির্বাপণ করতে সময় লাগে। পানি থাকলেও পানি নাই বলে জানায় স্থানীয়রা।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো: রুবেল শেখ জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করা হবে।