কক্সবাজারে গভীর সাগরে বিকল ‘মায়ের দোয়া’ ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার ভোর ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোট কক্সবাজার বাতিঘর হতে আনুমানিক ১৮ কিলোমিটার দূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ১২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উক্ত সমুদ্র এলাকায় গমন করে। দীর্ঘ ১২ ঘণ্টা অভিযান চালিয়ে অবশেষে বিকেলে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।

তিনি আরো জানান, ফিশিং বোটটি গত ১৮ মার্চ চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যায় এবং গত ১৯ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। জেলেরা সোনাদিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। উদ্ধার করা জেলেরা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।