চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে ওয়াসিম মণ্ডল (৩৫) নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ধারালো ছুরি, চাইনিজ কুড়াল ও ৪০ ফুট লম্বা রশি উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ভোরের দিকে দর্শনার শান্তিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।

গ্রেফতার হওয়া ওয়াশিম মণ্ডল দর্শনার দক্ষিণচাঁদপুরের হল্ট স্টেশনপাড়ার শাহজাহান মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে দর্শনার শান্তিপাড়া-পরানপুর রাস্তার ওপরে অভিযান চালানো হয়। অভিযানে রাস্তার ওপর থেকেই ডাকাতির প্রস্তুতিকালে ওয়াসিম মণ্ডলকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ডাকাত দলের আরো তিন সদস্য পালিয়ে যান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গ্রেফতার হওয়া ওয়াশিম মণ্ডলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।