চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের বসতবাড়িসহ গোয়ালঘরে থাকা তিনটি গরু পুড়ে অঙ্গার হয়ে গেছে।
রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে পদুয়া বালির পাড়ায় এই ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া তিনটি গরুর আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কৃষক আবুল কাশেমের বাড়ির পশ্চিম পাশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ায় বসতঘরটির আসবাবপত্র ও মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভার পর দেখা যায়, গোয়াল ঘরে থাকা তিনটি গরু পুড়ে অঙ্গার হয়ে গেছে।
এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ক্ষতিগ্রস্তরা।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি গরু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে।