কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে রোহিঙ্গাদের উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্য বিল্লাহ হোসেনের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটের কাছে সাগর থেকে ভাসমান অবস্থায় বিজিবি সদস্যদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে গেলে তাদের উদ্ধার করতে গিয়ে তিনি সাগরে ডুবে নিখোঁজ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শাহপরীর দ্বীপের ইউপি মেম্বার আব্দুল মান্নান।
তিনি বলেন, রোববার দুপুরের দিকে শাহপরীর দ্বীপের কাছে সাগরে জেলেরা মাছ ধরার সময় ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবির সদস্য মোহাম্মদ বিল্লাহ হোসেনের লাশ দেখতে পায়। পরে বিষয়টি বিজিবিকে জানালে তারা সাগর থেকে ওই বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, রোববার দুপুরের দিকে নিখোঁজ বিজিবির সদস্যের লাশ শাহপরীর দ্বীপের অংশের সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে যায়। টেকনাফ বিজিবি স্হানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করে বিজিবি। এছাড়া শনিবার রাতে নাফ নদী থেকে চার রোহিঙ্গার লাশও উদ্ধার করে।