ইমোতে সম্পর্ক হওয়ার পর চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে এক নারীসহ হেলাল উদ্দিন নামের এক আনসার সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে মোমিনপুরে রুপালী ব্যাংকের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, ওই নারী একই ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী এবং আনসার সদস্য চাকরি সূত্রে রূপালী ব্যাংকে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্যাংকের গেটের সামনে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিষয়টি আরো রহস্যজনক হয়ে উঠে। পরে ব্যাংকের ভেতরে প্রবেশ করে আনসার সদস্য হেলালসহ ওই নারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

আটক ওই নারী জানান, ‘দীর্ঘদিন ধরে হেলালের সাথে তার ইমোতে যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রূপালী ব্যাংকের এই শাখায় আসার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্ক তৈরি হয়।

এ ঘটনায় আনসার সদস্য মো: হেলাল বলেন, ‘ওই নারী আমার পূর্ব পরিচিত। তিনি ব্যাংকে টাকা আছে কিনা দেখতে চান, তাই তিনি আমার সাথে এসেছেন।’

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই নারীর সাথে আনসার সদস্যের কথা হতো। আজ ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় মেয়েটি দেখা করতে এসেছিল বলে জেনেছি। কোনো অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটেনি। ব্যাংক বন্ধ ছিল তাই স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা থানাতে এসেছে। বিষয়টি আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

চুয়াডাঙ্গা আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তিনি নিয়মবহির্ভূত কাজ করেছেন। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।