গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সাবেক সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসার মৃত্যুতে স্মরণ সভা

গত ৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক আলতাফুন্নেসা।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

স্থান

সাভার

savar-gk-pic
স্মরণ সভায় বক্তব্য রাখছেন গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ডা: আবুল কাশেম চৌধুরী | নয়া দিগন্ত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালনা ও ডা: জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সদ্য সাবেক সভাপতি মিরহুমা অধ্যাপক আলতাফুন্নেসা। আজ রোববার বিকেলে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় বক্তরা এ কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার কর্তৃক আয়োজিত স্মরণ সভায় বক্তারা আরো বলেন, অধ্যাপক আলতাফুন্নেসা ছিলেন একজন দক্ষ প্রশাসক। তাঁর নেতৃত্বে ও দিক নির্দেশনায় গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। সদা হাস্যজ্জল এই মানুষটি অত্যন্ত জনপ্রিয় ছিলেন সাধারণ কর্মীদের কাছে তাঁর মানবিক গুণাবলীর কারণে।

স্মরণ সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ডা: আবুল কাশেম চৌধুরী, গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সদস্য সন্ধ্যা রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠান বেসিক কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম জামাল উদ্দীন, অধ্যাপক আলতাফুন্নেসার ছেলে হাসিব জাকারিয়া, মেয়ে তাসনিম জাকারিয়াসহ তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা।

গত ৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক আলতাফুন্নেসা। সূচনালগ্ন থেকে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

অধ্যাপক আলতাফুন্নেসা গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারপারসন এবং গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন ঢাকা কলেজে অধ্যাপনা করেন।

অধ্যাপক আলতাফুন্নেসার স্বামী মরহুম এম জাকারিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন। তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে ও এর উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখেন।