বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। নতুন তিন কোটি ৬০ লাখ ভোটাররা তাদের ভোট দিতে পারেনি। এ দেশের মালিক জনগণ। মানুষের ভোটের অধিকার মানুষ ফেরত চায়।

শনিবার (৩ মে) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এককভাবে কেউ দেশের মালিক নয়। ফ্যাসিবাদ, স্বৈরাচার বিদায় হয়েছে। তাদের বিদায় হওয়ার পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটাই মানুষের প্রত্যাশা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। সেটিই চাচ্ছে বিএনপি।’

এ সময় পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খানসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।