রংপুর মহানগরীর একটি জুয়েলার্স থেকে গ্রাহক সেজে দেড় কোটি টাকার স্বর্ণ নিয়ে লাপাত্তা হয়েছেন পাঁচ সদস্যের এক নারী চক্র। এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে নগরীতে।

বুধবার (১৪ মে) নগরীর বেতপট্রির অনিন্দ বসাকের মালিকানাধীন লক্ষ্মী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জুয়েলার্স মালিকের উদ্ধৃতি এবং সিটিটিভি ক্যামেরার বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার পর দু’জন এবং এরপর তিনজন নারী লক্ষ্মী জুয়েলার্সে দোকানে ঢোকে। সেখানে গহনা দেখার নামে তারা সময়ক্ষেপণ করতে থাকে। এ সময় তারা কয়েকবার গহনা ওয়াশ করার জন্য কর্মচারীদের বাইরে পাঠায়। দুপুর দেড়টার দিকে আবারো এক কর্মচারীকে গহনা ওয়াশের জন্য বাইরে পাঠায় এক নারী। অপর নারীরা অন্য কর্মচারীদের গহনা দেখার কাজে ব্যস্ত রাখেন। এই সুযোগে ক্যাশের পাশে থাকা স্বর্ণের একটি বক্স নিয়ে বের হয়ে যান এক নারী। পরে বাকিরাও চলে যায়। বিকেল ৩টার দিকে বিষয়টি নজরে আসে দোকানমালিকের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জুয়েলার্সের মালিক অনিন্দ বসাক জানান, পাঁচ নারী কৌশলে আমার কর্মচারীদের ব্যস্ত রেখে স্বর্ণের বক্সটি নিয়ে যায়। বক্সে প্রায় এক শ’ ভরি স্বর্ণ ছিল, যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় আমার প্রায় সব পুঁজি চুরি হয়ে গেছে। এ ঘটনায় আমি মামলা করেছি। সিসিটিভি ফুটেজ দিয়েছি পুলিশকে। আমি সোনাগুলো উদ্ধার করে ব্যবসায়িক ক্ষতি থেকে বাঁচাতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

রংপুর মেট্রোপলিটন কমিশনার মো: মজিদ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিতদর্শন করে আলামত এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কি পরিমাণ স্বর্ণ খোয়া গেছে তাও জানার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এরই মধ্যে ওই পাঁচ নারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

তিনি ব্যবসায়ী এবং নাগরিকদের কাছে আহ্বান জানান, যদি কাউকে সন্দেহ হয় তৎক্ষণাৎ ছবি ধারণ এবং পুলিশের সহযোগিতা নিতে।