সিলেটের কানাইঘাট উপজেলায় চাচাত ভাইয়ের সাথে জমি-সংক্রান্ত বিরোধের জেরে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ পাঁচ সন্তান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল রাঙ্গারাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের সাথে তার চাচাত ভাই বাবুল আহমদের পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে নুরুল ইসলামের এক শিশু সন্তান বাবুল আহমদের সীমানায় মলত্যাগ করলে তা নিয়ে দু’পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাবুল আহমদ, তার ছেলে মুমিন আহমদ ও পরিবারের অন্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় ধারাল অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে নুরুল ইসলাম, তার স্ত্রী রিনা বেগম ও পাঁচ সন্তান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিনা বেগম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তাজ উদ্দিন মঙ্গলবার রাত ১০টার দিকে নয়া দিগন্তকে জানান, ‘নুরুল ইসলাম হতদরিদ্র ও
নিরীহ দিনমজুর ছিলেন। তিনি স্থানীয় চতুল বাজারে শ্রমিকের কাজ করতেন। তার নয় সন্তান রয়েছে।’
খবর পেয়ে রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেইন বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।’