চট্টগ্রামের আনোয়ারায় মধ্যরাতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন মামলায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইলধর, চাতরী, বৈরাগ, সদর, বারশত থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের মরহুম আলি আহমেদের ছেলে আবুল কালাম আজাদ (৫৩), বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মরহুম জাগির হোসেনের ছেলে নুরুল আবছার (৫৫), জাগির হোসেনের ছেলে মোহাম্মদ কাসেম (৪৫), চাতরী ইউনিয়নের ভিংরোল গ্রামের মমিনুর রশিদের ছেলে এরফানুর রশিদ (৩১), আজম আলীর ছেলে মো: আরফাত (২৬), হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মো: সামসুল আলমের ছেলে মো: শফিউল আলম (২৬) ও তেকোটা গ্রামের মরহুম গুড়া মিয়ার ছেলে মো: মোস্তাক আহমেদ (৫৫)।
এর আগে রোববার মধ্যরাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ আনুমানিক ১৮জন আহত হয়।
থানা সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুর সওদাগর, তার জামাতা মো: সুজন ও থানা পুলিশ বাদী হয়ে আনোয়ারা থানায় তিনটি পৃথক মামলা করেন।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে, এসব মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।