ড. ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই মন্তব্য করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেছেন, ‘ড. মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত ভাল মানুষ, দক্ষ ও বিচক্ষণ মানুষ। সব যোগ্যতা ড. ইউনূসের আছে। আমরা চাই ড. ইউনূস যেন প্রেসিডেন্ট হিসেবে থাকেন। তাহলে দেশটাকে রক্ষা করা যাবে। নয়তো বিভিন্ন সমস্য দেখা দেবে।’

শুক্রবার (৩০ মে) বাদ জুমা আশুলিয়ার কবিরপুরে একটি মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুল হাসান বলেন, ‘অনেক রাজনৈতিক ব্যাপার আছে। আপনারা পত্র-পত্রিকা, মিডিয়ায় দেখতে পান। তারা কীভাবে কথা বলে, তাদের আচরণ কী। তারা এসেছিল এ দেশটাকে অঙ্গরাজ্য বানাতে।’

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে স্মৃতিচারণ করেন। পরে দোয়া ও মিলাদ শেষে মুসল্লিদের তবারুক বিতরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে এ সময় শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাসান শিকদার, শিমুলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, আসাদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।