সাভার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার সাভারে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের ‘জুলাই বিপ্লব : শিক্ষকদের ভবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাদ আসর পরিষদের ঢাকা জেলা শাখার উদ্যোগে সাভার পৌর এলাকার একটি কলেের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলার সভাপতি অধ্যাপক জামাল হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাসানুর রহমান এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের ঢাকা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘জুলাই আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। জুলাই বিপ্লব আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা, মানবিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে।’
তিনি বলেন, ‘ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করাই একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব। শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি একজন শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই যেকোনো জাতীয় ঘটনার আলোকে আমাদের শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ, যুক্তিবাদী, সহনশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি আরো বলেন, জুলাই বিপ্লব আমাদের স্মরণ করিয়ে দেয়, ‘মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান একটি সভ্য সমাজের অপরিহার্য ভিত্তি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা যুক্তি, গবেষণা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে মত প্রকাশ করতে শেখে।’
প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো: রবিউল ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশ হবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র। সেই বাংলাদেশ গঠনের সবচেয়ে বড় শক্তি হলো সুশিক্ষা ও আদর্শবান তরুণ প্রজন্ম। শিক্ষক সমাজকে এ দায়িত্ব নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সাথে পালন করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ঢাকা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন।
আলোচনা সভায় আদর্শ শিক্ষক ফেডারেশনের ঢাকা জেলার উপদেষ্টা আসাদুজ্জামান জীম, ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক মনসুর আলী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান খান, সাভার মডেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিরাজুল ইসলাম, ধামরাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ঢাকা জেলার বিভিন্ন কলেজের শিক্ষকগন উপস্থিত ছিলেন।