কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গঠিত হয়েছে বিশেষ টাস্কফোর্স। পাশাপাশি খুব শিগগিরই স্থাপন করা হচ্ছে একটি মাদক পরীক্ষাগার, যার মাধ্যমে মামলার প্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আজ রোববার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক সৌমেন মণ্ডল এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘কক্সবাজারে কোনো ধরনের মাদক পরীক্ষাগার নেই। ফলে রাসায়নিক পরীক্ষা সম্ভব না হওয়ায় কেমিক্যাল রিপোর্ট দ্রুত পাওয়া যাচ্ছে না। এতে করে আদালতে মামলার অগ্রগতি প্রায় স্থবির হয়ে পড়েছে।’

তিনি আরো জানান, জেলার মাদককারবারিদের নতুন করে একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য কার্যকর হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুলাই কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে গত ২০ জুলাই ‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স’ গঠন করা হয়।