কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দু’চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরলা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দু’শিশু হলো উপজেলার বরলা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪) বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, দু’শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় তারা দু’জন বাড়ির উঠোনে খেলা করছিল। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে দু’জন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দু’জনের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নাথেরপেটুয়া স্টেশন বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।