চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে এক যুবকের বিপজ্জনক বাইক কসরতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ সময় ওই যুবককে চলন্ত মোটরসাইকেলে নানা প্রদর্শনী করতে দেখা যায়।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কর্ণফুলী টানেল অ্যাপ্রোচ সড়কে এমন ভিডিও ধারণ করা হয়।

ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ইলিয়াস নামের এক যুবক চলন্ত মোটরসাইকেলে নানা কসরত দেখাচ্ছেন। কখনো বাইকের ওপর দাঁড়িয়ে, আবার কখনো দুই হাতে বল নিয়ে খেলতে খেলতে প্রায় বিভিন্ন কসরত প্রদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত কয়েকজন দর্শনার্থী মোবাইলফোনে দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলের দিকে ছুটির দিন হওয়ায় টানেল সড়কে পর্যটক ও যানবাহনের চাপ ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। সেই সময়েই যুবকটি এ কসরত প্রদর্শন করেন।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে ঝুঁকিপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত বলে সমালোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের কসরতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস জানান, ‘গত দুই বছর ধরে চলন্ত মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন জায়গায় বাইক স্ট্যান্ট করে আসছেন তিনি। তবে জেলার বাইরে এটাই প্রথম বাইক স্ট্যান্ট।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ভাইরাল ভিডিওটি প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।