চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা সদরের নয়মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরো তিনজন আহত হন।

নিহত মাহির তাজওয়ার তাজ (১৪) আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে ঈদের ঘোরাঘুরি করতে বের হয়েছিল তাজ। বিকেলে তারা নয়মাইল এলাকায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোরটসাইকেলের চারজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাজকে রাজশাহী মেডিক্যালে নেয়ার পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী নেয়ার পথে আলমডাঙ্গার রোয়াকুলি এলাকায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তাজ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।