মিরসরাইয়ে খাল পাড়ে পাওয়া গেল এক নবজাতক শিশু। শনিবার (৩০ মে) ভোরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের খাল পাড় এলাকায় এই নবজাতক ছেলে সন্তানকে পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পূর্ব মায়ানী খাল পাড় এলাকায় মো: মোস্তফা নামের এক কৃষক বাচ্চার কান্নার শব্দ পেয়ে খুঁজতে শুরু করেন। পরে খাল পাড়ে টাওয়াল মোড়ানো একটি নবজাতক দেখতে পেয়ে তিনি উদ্ধার করে স্থানীয় মুজিবুল হকের কাছে নিয়ে যান।
এ সময় এলাকায় জানাজানি হলে সবাই এগিয়ে আসেন। পরে এলাকার মানুষের সম্মতিতে খোরশেদ আলম নামের একজন নিঃসন্তান পরিবারের হাতে নবজাতকটি তুলে দেন। বর্তমানে নবজাতকটি তার তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাংলাদেশ অ্যাম্পুটি ফুটবল দলের খেলোয়াড় মো: শাহাব উদ্দিন বলেন, ‘আজ ভোরে নবজাতকটি এলাকার মোস্তফা চাচা পেয়ে আমার বাবার কাছে নিয়ে আসেন। আমরা বাচ্চাটিকে সাথে সাথে যত্ন নেই। বাবা এলাকার মানুষকে জানালে সবাই এগিয়ে আসে। পরে সবার সিদ্ধান্ত অনুযায়ী খোরশেদ আলম নামের নিঃসন্তান স্থানীয় এক ব্যবসায়ীর পরিবারে হাতে তুলে দেয়া হয়।’
তিনি বলেন, ‘বাচ্চাটি নেয়ার জন্য অন্তত পাঁচ থেকে ছয়টি পরিবার আমার বাবার কাছে আসেন। অথচ নিষ্ঠুর মা-বাবা আজ নিজের ভূমিষ্ঠ সন্তানকে খাল পাড়ে রেখে চলে গেছে।’