সাভারের হেমায়েতপুরে ভাইয়ের বাসায় বেড়াতে এসে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৬ মে) রাতে র‌্যাব-৪ বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন।

নিহত স্ত্রীর নাম রুমানা আক্তার (১৮), তিনি রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

র‌্যাব জানায়, রোমানা আক্তারের সঙ্গে সাজ্জাদের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের পর উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয় গত বছরের ৩০ জুলাই। বিয়ের পর থেকে রোমানা তার স্বামীর সঙ্গে নওগাঁয় তার শ্বশুর বাড়িতে বসবাস করতে থাকেন। তবে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জেরে সাজ্জাদ তার স্ত্রী রোমানাকে শারীরিক ও মানসিক অত্যচার করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ হয়। গত ১০ এপ্রিল সাজ্জাদ হোসেন স্ত্রী রুমানাকে নিয়ে বড় ভাইয়ের ভাড়া বাসা সাভারে বেড়াতে আসেন। ২৩ এপ্রিল বড় ভাই অফিসে গেলে সকাল ৯টার দিকে রুমানার স্বামী তাকে শ্বাসরোধ হত্যা করেন। স্বামী সাজ্জাদ স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে লাশ উদ্ধার করতে বলে পালিয়ে যান।

র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেফতার সাজ্জাদ পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।