ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজার থেকে শাহমল্লুকদী বটতলা পর্যন্ত কর্দমাক্ত জরাজীর্ণ সড়কটি সংস্কারের মাধ্যমে পাকাকরণ এবং যানবাহন চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কোমলমতি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পীরের চর সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তৈরির আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে কয়েক হাজার গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটিকে কাঁচা সড়ক থেকে পাকাকরণের মাধ্যমে ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে যোগ দেন গ্রামবাসীরা। এতে এলাকার কয়ে ক শ’ মানুষ অংশগ্রহণ করেন।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম,ম, ছিদ্দিক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাহমিনা আক্তার, মেরিনা আক্তার, ইউপি সদস্য ওসমান মাতুব্বর, নাসির মাতুব্বর, সলেমান মিয়া, রাজ্জাক মাতুব্বর, ওয়াসিম মিয়া প্রমুখ।
কোমলমতি শিক্ষার্থীরা বলে, প্রচণ্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাঁপানি জমে গেছে। এর ফলে প্রতিদিন কাঁদাপানি পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। সড়কটিতে চলাচলের অনুপযোগী হওয়ায় আমরা স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে খুব কষ্ট হচ্ছে।
তারা আরো বলে, এ ছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে খুবই ভোগান্তির শিকার হতে হয়। আমরা অবিলম্বে রাস্তাটির সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করতে সড়ক কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।