কক্সবাজারের সেন্টমার্টিন্স দ্বীপের অদূরে সাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১১ জন চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। ট্রলার বোঝাই করে এসব সার মিয়ানমারে পাচার করছিল তারা।

বৃহস্পতিবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস রিলিজ দিয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান গতকাল (৭ মে) মধ্যরাত ৪টার দিকে কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে সন্দেহজনকভাবে চলতে দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় ইঞ্জিন চালিত বোট থাকা বেআইনি।

কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী ওই বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জাহাজ কর্তৃক ঘন্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করে এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ বোটটি জব্দ করে। এসময় এসব সার মিয়ানমারে পাচারের অভিযোগে ১১ জন পাচারকারীকে আটক করে। পাচারকারীরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং চট্টগ্রামের বাসিন্দা।

জব্দকৃত সার টেকনাফ কাস্টমস এ এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।