কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে জায়েদ হোসেন ফারুক নামে অপহরণকারী চক্রের এক প্রধানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও র্যাবের পোশাক উদ্ধার করা হয়।
সোমবার (৩০ জুন) দুপুরে কক্সবাজারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৫-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কামরুল ইসলাম এ তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি জানান, গত ১১ জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভিকটিম মো: হাফিজ উল্লাহকে র্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
তিনি আরো জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার প্রধান মো: জায়েদ হোসেন ফারুককে পশ্চিম মরিচ্যা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে র্যাব চারটি কটি, একটি বিদেশী পিস্তল, দু’টি দেশীয় তৈরি বন্দুক, ২১রাউন্ড দেশি-বিদেশি পিস্তল ও বন্দুকের গুলি, র্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ডাকাত শাহ আলম ও সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরো চারজন এই অপহরণকারী চক্রের সাথে জড়িত বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।