বহুল আলোচিত সাদাপাথর লুট কাণ্ডে এবার বদলি হলেন সিলেটের জেলা প্রশাসক শের মো: মাহবুব মুরাদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন র‌্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত জেলায় জেলা প্রশাসক ও মেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারী করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে সরওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

এর আগে গত বছরের ১৩ আগস্ট উপ-সচিব পদে পদোন্নতি পান আলোচিত ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম।

বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সম্প্রতি সিলেটের সাদাপাথর, জাফলং, লোভাছড়াসহ বিভিন্ন পর্যটন এলাকা থেকে প্রকাশ্যে পাথর লুট ও নদীগুলো থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত এক সপ্তাহ ধরে এই ইস্যুতে তাকে ঘিরে সমালোচনা তীব্র হলে অবশেষে সরকার তাকে সরিয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিলো।