এই প্রথম নেত্রকোনার পৌর এলাকার একটি বাদে সকল ঈদগাহের গেট ও প্যান্ডেলের আয়োজন বাতিল করা হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি বছর নেত্রকোনা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার সকল ঈদগাহের গেট ও প্যান্ডেলের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবার শুধু মুক্তারপাড়া মাঠ ব্যতীত অন্য সকল মাঠের এই আয়োজন বাতিল করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এক সভায় একটি বাদে অন্য সকল ঈদগাহের গেট ও প্যান্ডেলের আয়োজন বাতিল করা হয়েছে। এতে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা পৌর প্রশাসক (ডিডি এলজিইডি) আরিফুর রহমান তরফদার নয়া দিগন্তকে বলেন, ‘গত রোববার (২৩ মার্চ) এক সভায় পৌরসভার ঈদগাহের গেট ও প্যান্ডেল নির্মাণের যে আয়োজন করা হতো তা বাতিল করায় এবার আর হচ্ছে না। ডিসির নির্দেশ না দিলে আমার পক্ষে আয়োজন করা সম্ভব নয়। ডিসি বনানী বিশ্বাসকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হোয়াটসআপ ও মেসেঞ্জারে লিখিত অনুরোধ করা হয়েছে। তার অফিসিয়াল মোবাইল ফোনেও একাধিকবার কল দেয়ার পরও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।’