কুমিল্লায় বখশিসের ১০০ টাকার জন্য সহকর্মীকে হত্যার ঘটনায় গোলাম রাব্বী (২২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা: ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত রাব্বী আদালতে উপস্থিত ছিল না। দণ্ডপ্রাপ্ত আসামি গোলাম রাব্বী (২২) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো: শাহজাহানের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, ২০২৩ সালের ১০ মে সকাল ৮টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বখশিসের ১০০ টাকার ভাগবণ্টনের দ্বন্দ্বে গোলাম রাব্বী নামের এক তরুণ তার সহকর্মী কাজী মারুফফে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। কুমিল্লা মেডিক্যালে নেয়ার পর মারুফের মৃত্যু হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কুমিল্লায় আলোচিত এসকে ফিলিং স্টেশনের ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠে এবং অভিযুক্তকে শাস্তির দাবি জানায় সাধারণ জনতা।

ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতর একটি টুলে রাব্বি ও তার সাথের দু’জন যুবক বসে আছেন। এ সময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু বলছিল। পরে রাব্বী স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনেন। ধীরে ধীরে হেঁটে মারুফের সামনে গিয়ে বুকে তিনবার ছুরিকাঘাত করে। রক্তক্ষরণে পাম্পেই মারা যায় মারুফ। রাব্বী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর নিহতের মা মিনুয়ারা বেগম বাদি হয়ে রাব্বীকে আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা করে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি বিল্লাল হোসেন বলেন, ‘আমরা আদালতকে সিসিটিভি ফুটেজসহ সকল দলিলাদি উত্থাপন করেছি। স্বাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে রাব্বীই মারুফকে হত্যা করেছে।’