সোনারগাঁওয়ের ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক ‘নায়লা’ পেল আদর ও যত্নে ভরা মায়ের কোল। ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রাজধানীর সাইন বোর্ডে বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৮১ দিন সুচিকিৎসার পর অসহায় এ শিশুটিকে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেয়া হয়।

রোববার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নবজাতক হাসপাতালে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: মজিবুর রহমান মুজিব।

এ সময় নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা ও সোনারগাঁও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো: ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ওই দম্পতির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ডা: মজিবুর রহমান জানান, ‘চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা মুমূর্ষু ওই নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে।

ডা: মুজিব নিষ্পাপ নবজাতকদের এভাবে আস্তাকুঁড়ে ফেলে না দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘জন্মদাতা মা তার গর্ভজাত সন্তান প্রতিপালনে অক্ষম হলে তারা যেন ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে যোগাযোগ করেন। তার পরিচয় গোপন রেখেই ওই নবজাতককে গ্রহণ করা হবে।

এছাড়া কোথাও কোনো নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে যে কেউ ফাউন্ডেশনের মোবাইল ফোন নম্বরে (০১৮১৭-৭৭৭৭২২) যোগাযোগ করলে তারা তাকে উদ্ধার করে সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয় দিবেন।