রংপুরে চীনের হাসপাতাল ও এয়ারপোর্ট নির্মাণসহ ১৮ দফা দাবিতে মডার্ন মোড়ে ব্লকেড করেছে ছাত্র-জনতা। এসময় প্রায় দেড় ঘণ্টা রংপুরের সাথে ছয় জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
সোমবার (১২ মে) রংপুর সম্মিলিত ছাত্র-জনতার প্ল্যাটফর্মে বেলা ৩টায় এ ব্লকেড করে তারা। এসময় রংপুরের সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ছয় লেনসহ মহাসড়কগুলোতে শত শত যানবাহন আটকা পড়ে যায়। বিকেল সাড়ে ৪টায় ব্লকেড তুলে নেয় তারা।
ব্লকেডের সময় বক্তব্য রাখেন সম্মিলিত ছাত্র-জনতার প্ল্যাটফর্মের সিনিয়র সহ-সভাপতি মো: আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো: সিয়াম আহসান আয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক, মো: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: শামসুর রহমান সুমন, দফতর সম্পাদক, মো: আবু হোসেন চঞ্চল প্রমুখ।
বক্তারা বলেন, সব আন্দোলন-সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করলেও রংপুর সুষম উন্নয়ন থেকে বঞ্চিত। আগামী বাজেটে তিস্তা মহাপপিরকল্পনা বাস্তবায়, রংপুরে বিভাগীয় স্টেডিয়াম, শিক্ষা বোর্ড, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ইপিজেডসহ ১৮ দফা বাস্তবায়নে বরাদ্দ করতে হবে। না দিলে রংপুর থেকে সকল ধরনের খাদ্যপণ্য সরবরাহ ও ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবে জনগণ।