বরগুনার আমতলীর সাহেব বাজারের রহমত ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহেন্দ্রর যাত্রী চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে আবিদ (৭) এবং গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে মোটরসাইকেল চালক শহিদুল (৫০)।
দুর্ঘটনায় আহতরা হলেন আমতলীর বাইনবুনিয়ার মরহুম আফতার আলীর ছেলে মোটরসাইকেল আরোহী আতাহার (৫৫)। আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকায় আমতলী থেকে আসা মাহেন্দ্রকে সামনাসামনি আঘাত করে। এতে মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। এর পরে মাহেন্দ্রর পিছনে থাকা আরেকটি মোটরসাইকেলকে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রের আরো একজন যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত ও দু‘জন আহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি।’