জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে রাজবাড়ীবাসীর সহযোগিতা চাই। আওয়ামী ফ্যাসিজম ও মুক্তিযুদ্ধ এক নয়। আওয়ামী লীগকে শুধু আইনি লড়াইয়ে নয়, সামাজিক সব ক্ষেত্র থেকেও বয়কট করতে হবে। এ কাজ করতে গিয়ে যদি কেউ এনসিপির কোনো সদস্যের ওপর চোখ রাঙিয়ে কথা বলে, তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ী রেলগেট চত্বরে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রায় তিনি এসব কথা বলেন। এ পথসভায় দলটির অন্যতম নেতা হাসানাত আব্দুল্লাহ, সারজিজ আলম, আখতার হোসেন, ডা: তাসমিন জারাসহ রাজবাড়ীর জেলা কমিটির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বিকেল ৫টার ওই পথসভা জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় নাহিদ ইসলাম আরো বলেন, আমরা গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। নিজেদের মধ্যে খুনাখুনি করছে। সবার হাতেই রক্ত লেগে রয়েছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক সংহিসতামুক্ত বাংলাদেশের সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদামুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম। তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমিয়ে যায়নি, তারা রাজপথে এসেছে, বাংলাদেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।