গাজীপুরে মহাসড়কের নিচ দিয়ে প্রবহমান লাইনের গ্যাস লিকেজ থেকে ঈদযাত্রী বহনকরী একটি মিটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীরা ও চালক দ্রুত লাফিয়ে গাড়ি থেকে নেমে গেলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা। তবে গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

বুধবার (৪ মে) বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা (পল্লীবিদ্যুৎ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে মিনি ট্রাকটি কিছু যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে থাকা ভূগর্ভস্থ গ্যাসের লিকেজ থেকে হঠাৎ ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ট্রাকের চালকসহ ট্রাকের পেছনে থাকা যাত্রীরা দ্রুত লাফিয়ে নেমে প্রাণে বেঁচে যায়। পরে মুহূর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান জানান, ধারণা করা হচ্ছে- যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

প্রসঙ্গত, মিনি ট্রাকটি রংপুর থেকে গরু নিয়ে ঢাকায় গিয়েছিল। গরু নামিয়ে দিয়ে ঢাকা থেকে যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনারি শিকার হয় ট্রাকটি।