চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুককে (৪৭) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ার মরহুম আবদুল আজিজের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টের সহিংসতা এবং পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুকের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টের সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্যপ্রমাণ পুলিশের কাছে রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
তিনি আরো বলেন, প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া স্থানীয়রা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ফারুক তার দলীয় পদ ও প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অনিয়ম ও অত্যাচারের সাথে জড়িত ছিলেন। থানার দালালি করা, নিরীহ মানুষকে হয়রানি এবং বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া এসবই ছিল তার অন্যতম কাজ।