বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বিশাল জনগোষ্ঠীর বাইরেও আরো একটি বড় জনগোষ্ঠী যুব সমাজ রয়েছে। যারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ চায়। এদের ভাবনা, মতামত ও পরামর্শ আমরা জানতে চাই। একইসাথে তা কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চাই। কেন না বাংলাদেশকে তারুণ্যদীপ্ত একটি দেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুণদের ভাবনাগুলোকেও গুরুত্ব দিতে হবে।’

শুক্রবার (২ মে) বিকেলে বগুড়ায় বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল হক, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বক্তব্য দেন।

উল্লেখ্য, বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগের উদ্যোগে বগুড়ায় আগামী ২৩ মে সেমিনার ও ২৪ মে সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।