মৌলভীবাজারের কুলাউড়ায় মিজানুর রহমান মজুমদার নামে এক ব্যবসায়ী দোকান থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া উপজেলা পরিষদের পশ্চিমে সাদেকপুর রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কুলাউড়া উত্তর বাজারের মজুমদার ফ্যাশনের স্বত্বাধিকারী মিজানুর রহমান মজুমদার সোমবার রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। কুলাউড়া উপজেলা পরিষদের পশ্চিমে সাদেকপুর রোডের মুখে যাওয়া মাত্র পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার হাতে থাকা দু’টি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মহিলা কলেজ ও আহমদাবাদ মাদরাসার রোডের দিকে সিএনজি নিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িতে চালকসহ মোট তিনজন লোক ছিলেন বলে জানান ভুক্তভোগী।

ভুক্তভোগী জানান, তার দুই ব্যাগে ১২ লাখ টাকা ছিল।

এ ব্যাপারে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিম এখন থানায় এসেছেন। পুলিশ অভিযানে নেমেছে।