নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দ্বিতীয় ধাপে সিলেটসহ দেশের আরো কয়েকটি শহরে ‘পিংক বাস’ সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটে অন্তত একটি বাস চালুর সম্ভাব্যতা যাচাই চলছে। প্রাথমিকভাবে হুমায়ুন রশীদ চত্বর-বন্দরবাজার-আম্বরখানা হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পর্যন্ত রুটটি বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার রুকনোজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটে দ্বিতীয় ধাপে অন্তত একটি মহিলা বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই চলছে। তবে কবে থেকে এ সেবা চালু হবে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।
বিআরটিসি সিলেট ডিপো সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করে সম্ভাব্য রুট নির্ধারণের কাজ চলছে। হুমায়ুন রশীদ চত্বর-বন্দরবাজার-আম্বরখানা-শাবিপ্রবি রুটটি চালু হলে দক্ষিণ সুরমা, নগরের কেন্দ্রীয় এলাকা ও শাবিপ্রবির মধ্যে চলাচলকারী নারী শিক্ষার্থী, চাকরিজীবীসহ অন্যান্য নারী যাত্রীরা পৃথক গণপরিবহনের সুবিধা পাবেন।
জানা গেছে, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি পিংক বাস চালু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি পথে ১০টি, বগুড়ায় দুইটি পথে দুইটি এবং চট্টগ্রামে একটি পথে দুইটি বাস চলছে। তিন শহরে মোট ১৩৪টি স্টপেজ রয়েছে।
বিআরটিসি জানিয়েছে, বাসগুলোতে ই-টিকিটের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য কয়েকটি বাসে সিসি ক্যামেরা এবং প্রতিটি বাসে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বাসে এসব সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পিংক বাসের চালক, সহকারী ও ভাড়া আদায়কারী হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন এবং যাত্রীও থাকবেন শুধু নারী। নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি নারী চালকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিআরটিসি সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে ৫০টি বাস চালুর লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে ২০০টি ইলেকট্রিক বাস আনার পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বরাদ্দ দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
সিলেটে পিংক বাস চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নারী যাত্রী ও শিক্ষার্থীরা। তবে তাদের দাবি, বাস চালুর পাশাপাশি নিয়মিত ও নির্ধারিত সময়ে চলাচল, পর্যাপ্ত স্টপেজ, সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অতীতে মহিলা বাস সার্ভিস চালু হলেও অনিয়মিত চলাচল ও দুর্বল ব্যবস্থাপনার কারণে তা প্রত্যাশিত সাফল্য পায়নি।
প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস চালু করা হয়েছে। এবার দ্বিতীয় ধাপে সিলেটসহ দেশের আরো কয়েকটি শহরে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার রুকনোজ্জামান জানান, সম্ভাব্যতা যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাস চালুর সময়সূচি নির্ধারণ করা হবে।
ফলে এখন সিলেটবাসীর অপেক্ষা—কবে নগরীর সড়কে দেখা মিলবে নারীদের জন্য নির্ধারিত প্রথম ‘পিংক বাস’।