চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত দেশের প্রথম সাবমেরিন টানেল ‘কর্ণফুলী টানেল’ চার দিনব্যাপী রুটিন রক্ষণাবেক্ষণের জন্য আংশিকভাবে বন্ধ থাকবে। এ সময়ে টানেলে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো: মাসুদ রানা শিকদার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলে জেট ফ্যান পরিষ্কার, রোড মার্কিংসহ রুটিন রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

এ সময় পতেঙ্গা টু আনোয়ারামুখী টিউব দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বিকল্প হিসেবে আনোয়ারা টু পতেঙ্গামুখী টিউব দিয়ে দ্বিমুখী যানবাহন নিয়ন্ত্রিতভাবে চলবে।

সেতু কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কাজ চলাকালীন সময়ে টানেলের উভয় প্রান্তে যানবাহনকে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা রক্ষায় এ ধরনের রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জনসাধারণের সহযোগিতা ও ধৈর্য কামনা করা হয়েছে।

উল্লেখ্য, কর্ণফুলী টানেল দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ও নগরীর পতেঙ্গা অংশকে সংযুক্ত করেছে। এটি দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেল। যা অঞ্চলটির শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।