মানিকগঞ্জের সিংগাইরে ইটবোঝাই ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরো তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে পশ্চিম দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি সিএনজির চালক নাকি যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা সুরুজ শেখ জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরো তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘাতক ট্রাক ও চালককে খুঁজে বের করার কাজও করছে পুলিশ।