স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণসহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। পরে প্রধান উপদেষ্টা বারাবর বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছেন তারা।
মঙ্গলবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখা আয়োজিত মানববন্ধনে অংশ নেন বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার অন্যান্য সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মকর্তারা।
মানবন্ধন চলাকালে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হবে না। মাধ্যমিক শিক্ষা অধিদফতর উচ্চ মাধ্যমিক থেকে আলাদা করতে হবে। কারণ এই অধিদফতরে যে বাজেট বরাদ্দ সরকার দেয় তার ৯০ ভাগই উচ্চ মাধ্যমিকে চলে যায়। ফলে মাধ্যমিক শাখা বঞ্চিত থেকে যায়।
এ সময় বক্তব্য দেন বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ বি এম নাজমুল হক, জেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, সিনিয়র সহকারী শিক্ষক ফরিদা বেগম, দীপা ফারজানা, সাবরিনা আকতার, রতন কুমার মোহন্ত, লোকমান হোসন, হাফিজুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।
শেষে পাঁচ দফা দাবি সম্বলিত স্বারকলিপি বগুড়া জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।