সাতজন কিশোরকে মাথাপিছু ২০০টাকা দিয়ে ভাড়ায় এনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখা ঢাকা জেলার ব্যানারে ঝটিকা মিছিলের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে। এ ঘটনায় নেতৃত্ব দেয়া ঢাকা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল- মামুনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নয়াদিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার ওসি (তদন্ত) মো: কামাল হোসেন।

গ্রেফতার আব্দুল্লাহ আল- মামুন আশুলিয়ার দূর্গাপুর চালাবাজার এলাকার মরহুম মাহবুবুল ইসলামের ছেলে বলে জানা যায়।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান- সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় ঢাকা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাতজন অল্প বয়সী কিশোরকে মাথাপিছু ২০০ টাকা দিয়ে ভাড়ায় এনে দূর্গাপুরের একটা ছোট গলির ভেতরে ২ মিনিটের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।

তিনি আরো জানান, তার উদ্দেশ্য ছিল ওই মিছিলের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া। পরে আশুলিয়া থানা পুলিশ তাকে রাতে গ্রেফতার করে। ভাড়ায় আসা অন্য কিশোররা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এর আগে, ওই ঝটিকা মিছিলের পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদ মমিন পালোয়ান (পাপ্পু) নামের এক ফেসবুক আইডিতে ওই ঝটিকা মিছিলের ৩৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়।

আশুলিয়ার ওসি (তদন্ত) মো: কামাল হোসেন মঙ্গলবার দুপুরে নয়াদিগন্তকে জানান- শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের (৩৮) নেতৃত্বে কিশোরদের দিয়ে মিছিলটি করা হয় এবং মামুনই জোগানদাতা।

তিনি আরো জানান- দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।