নোয়াখালীর কবিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ জামাল (৩৬) নামে এক কৃষককে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত জামাল একই গ্রামের বেপারী বাড়ির ওবায়দল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশে পাঁচ শতাংশ জমি বহু বছর ধরে কৃষক জামালের পরিবারের দখলে রয়েছে। সেখানে তারা ধান চাষ করে আসছেন। শনিবার সকালে তার বাবা ধান ক্ষেত পরিষ্কার করতে যায়। ওই সময় একই বাড়ির বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব, নুরউদ্দিন বৃদ্ধ ওবায়দল হককে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে তার ছেলে জামাল ও পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেয়ার পথে পুনরায় বাচ্চুসহ তার ছেলেরা হামলা চালান। একপর্যায়ে তারা সেখানে কৃষক জামালের বাম হাত ভেঙে দু’ভাগ করে দেন, মাথায় কুপিয়ে জখম করেন এবং বুকের মধ্যে খন্তা দিয়ে আঘাত করে।

এ ঘটনায় কৃষকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তারা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ এখনো লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।