‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালির আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: দিদারুল আলম।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সৌরভ আল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেনী পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন।
মো: দিদারুল আলম বলেন, পরিবেশ রক্ষায় শুধু আমরা আলাদা কিছু করবো তাতে হবে না। এতে স্থায়ী কোনো সমাধান হবে না। বরং পরিবেশ রক্ষায় প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে।
মোহাম্মদ আল আমিন সরকার বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে পরিবেশ রক্ষা সম্ভব।
এ সময় জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরেফিন, সামাজিক বন বিভাগের কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব হুমায়ুন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার শাহজাদা এবং ব্র্যাকের কো-অর্ডিনেটর ওমর ফারুকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।