চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি ছয় গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের টুকরাসহ মো: আফসার আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া আফসার আলী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, সুলতানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭/৬ আর থেকে প্রায় ৮০০ গজ ভেতরে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে পাকা রাস্তার পাশে অবস্থান নেয়।

এ সময় বিকেল ৪টার দিকে বিজিবি টহল দল এক ব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখে সন্দেহজনকভাবে আটক করে। তল্লাশির সময় তার কোমরে বাঁধা লাল কাপড়ের বেল্টের ভেতর থেকে ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন তিন কেজি ছয় গ্রাম, যার বাজারমূল্য প্রায় তিন কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে, পাশাপাশি উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।