গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শনিবার রাতে ও রোববার ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে গৌরনদীতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় ইউনুস সেরনিয়াবাত (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

শনিবার রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ইউনুস আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন জানান, বরিশালগামী ফেম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। এঘটনায় বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে আগৈলঝাড়ার রথবাড়ি এলাকায় গৌরনদী-পয়সারহাট সড়কের বালুর ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পোনা মাছ বিক্রেতা ভ্যানচালক শাজাহান সিকদার নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনায় নিহত শাজাহান সিকদার গৌরনদী উপজেলার চাঁদশী এলাকার বাদামতলা গ্রামের বাসিন্দা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহত শাজাহান সিকদারকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।