চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের আঘাতে প্রতিনিয়ত বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে এলাকার অনেক ঘরবাড়ি ও কৃষিজমি।

স্থানীয়রা জানায়, ভাঙনের ফলে ইতোমধ্যে একাধিক বসতবাড়ি ও ফসলি জমি সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। বাড়ছে আতঙ্ক, নষ্ট হচ্ছে ফসল। দ্রুততম সময়ে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। তারা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছি।’

পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা জানান, ভাঙন ঠেকাতে তারা জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আশপাশের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সর্তক থাকতে বলা হয়েছে।