আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার মধ্যে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের যৌক্তিক সময়সূচি ঘোষণা করা না হয় তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক বিবৃতিতে পশু পালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাসবেন্ডরি) জয় লাভ করেছে। এ অবস্থায় আর কালক্ষেপণ না করে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে যদি কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের যৌক্তিক সময়সূচি ঘোষণা করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি খুবই স্পষ্ট। গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছে। এটি শুধু একটি অ্যাকাডেমিক সিদ্ধান্ত নয়, হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ও পেশাগত স্বপ্নের সাথে জড়িত।’
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আর কোনো বিলম্ব না করে অবিলম্বে অ্যাকাডেমিক কাউন্সিলের মাধ্যমে কম্বাইন্ড ডিগ্রি প্রবর্তনের সরকারি ঘোষণা দিতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে দেয়ার জায়গা নয়, বরং স্বপ্ন পূরণের জায়গা।’