অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনি কিছুটা আহত হয়েছেন বলেও জানা গেছে।

বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলা হয়েছে।

জানা যায়, ভিসি দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে ভিসিকে হামলার চেষ্টা করেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই স্নাতক (পাস) কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিল কিন্তু অটোপাস না দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেন। করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদেরকে ইতোমধ্যেই গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এছাড়া এদেরকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে, যার ফল এ মাসেই বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানির প্রেক্ষাপটে এই ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে এসে বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।

এ প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বক্তব্য হলো যেকোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে না। আজকের এই ন্যাক্কারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।