টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া দক্ষিণপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

আব্দুল আলীম কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ঘাটাইলের চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, শনিবার (১২ এপ্রিল) সকালে কোচিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন আব্দুল আলীম।

পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পেটে ছুরিকাঘাতসহ তার গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল।

স্থানীয়রা জানায়, সাতুটিয়া দক্ষিণপাড়া এলাকার জামাল বাদশার বসতঘরের পেছন থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে সেপটিক ট্যাঙ্কের ভেতর একটি লাশ দেখে পুলিশকে খবর দেন জামাল। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের লোকজন লাশটি আব্দুল আলীমের বলে শনাক্ত করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।