মাগুরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে জয় বাংলা স্লোগান দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ছাত্রলীগের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় ইউসুফ নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার বেলা ১২টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরা জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার সদস্য সচিব মো: হুসাইন, মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নেহাজ, ইসলামী আন্দোলনের মো: ইমদাদ হোসেন।
এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আগস্টে নির্বিচারে গণহত্যা চালানো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণ আবারো রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী জানান, মাগুরা সরকারি কলেজের সামনে দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল চলাকালে জয় বাংলা স্লোগান দেয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কর্মীর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। আটকের নাম ইউসুফ, তার পিতা মোহাম্মদ আলী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মার্কেটে ইউসুফ ইলেকট্রনিক্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত আটক ইউসুফের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।