গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে নির্মাণ হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন সাধারণ যাত্রীদের জন্য কর্নারটি উদ্বোধন করেন।
এদিকে গাজীপুরে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূতি পালন উপলক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার নির্দেশনা ও গাইডলাইন অনুসরণকরে গাজীপুর জেলা পরিষদ ৬৯টি আইডিয়া প্রস্তাব পায়। প্রাপ্ত আইডিয়াসমূহের মধ্যে মূল্যায়ন কমিটি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ স্থাপন আইডিয়া প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচন করে।
গাজীপুর জেলা পরিষদ ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ লাখ ৭৫ হাজার টাকায় এটি নির্মাণ করেছে। নাম ফলকে লেখা হয়েছে ‘তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন। আমার চোখে জুলাই বিপ্লব। মুগ্ধ সুপেয় পানির কর্নার।’ প্রকল্পটি বাস্তবায়নের ফলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আগত যাত্রী ও সর্বসাধারণের সুপেয় পানি পানের সুব্যবস্থা তৈরী হলো। এ উদ্যোগের ফলে শহীদ মুগ্ধর মানবিক ত্যাগ ও সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস চর্চার ধারা অব্যাহত থাকবে এবং সমাজে সেবামূলক কাজের চর্চা বাড়ার পাশাপাশি দেশব্যাপী মুগ্ধ সুপেয় পানির কর্নার নির্মাণের উদ্যোগ ছড়িয়ে পড়বে। এতে সাধারণ মানুষের মননে গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সুদৃঢ় হবে।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, ‘মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষের সুবিধার জন্য নির্মাণ হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।’
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকায় সুপেয় পানির এই কর্নার নির্মাণ করেছে।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ও পুলিশ সুপার যাবের সাদেকসহ অন্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, জেলার অন্যান্য দফতরের প্রকৌশলী, আইডিয়া প্রদানকারী দলের সদস্য ও জয়দেবপুর রেলওয়ের ষ্টেশন মাস্টারসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।