চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শামসুল হক (৫৮) নামে এক মাদরাসা সুপার নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে দামুড়হুদার মুক্তারপুর রেড ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুরে মাদরাসা ছুটি করে শামসুল হক নিজ গ্রাম উপজেলার পীরপুরকুল্লায় ফেরার পথে মুক্তারপুর রেড ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ইটভর্তি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি ও মোটরসাইকেল ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই তিনি মারা যান। স্থানীয় লোকজন দ্রুত দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেন, ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।